×
Logo

অর্থনীতি

১১ মাসেই চীনের রফতানি রেকর্ড ১ ট্রিলিয়ন ডলার ছাড়ালো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

১১ মাসেই চীনের রফতানি রেকর্ড ১ ট্রিলিয়ন ডলার ছাড়ালো

চলতি বছর যুক্তরাষ্ট্রের সাথে রফতানিতে ওঠানামা চললেও এ বছর রেকর্ড বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে চীন। ২০২৫'এর প্রথম ১১ মাসে দেশটির মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় ১.০৮ ট্রিলিয়ন ডলার, যা এক বছরে চীনের সর্বোচ্চ। সোমবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 

সোমবার (৮ ডিসেম্বর) প্রকাশিত শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, নভেম্বরে চীনের রফতানি ডলারের হিসেবে বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ, মোট ৩৩০ বিলিয়ন ডলার। অক্টোবরে অপ্রত্যাশিত সংকোচনের পর এ প্রবৃদ্ধি নতুন করে আশার ইঙ্গিত দিচ্ছে দেশটির বাণিজ্য খাতে।

তবে, যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের রফতানি এখনো 'আশঙ্কাজনক' অবস্থায় রয়েছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রগামী রফতানি গত বছরের তুলনায় প্রায় ২৯ শতাংশ কমেছে, যা টানা আট মাসের মধ্যে সর্বনিম্ন। শুল্ক কমানোর সিদ্ধান্ত কার্যকর হলেও তার প্রভাব এখনো পুরোপুরি বাজারে প্রতিফলিত হয়নি বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

অন্যদিকে দক্ষিণ–পূর্ব এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে চীনা পণ্যের চাহিদা বাড়ায় সামগ্রিক রফতানি স্থিতিশীল রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাথে অঘোষিত 'ট্রেড ওয়ার'-এর মধ্যেই চীনের আমদানি বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ; মোট ২১৮.৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত অক্টোবরে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এক বছরের বাণিজ্য চুক্তি হওয়ার পর দুই দেশের মধ্যে আংশিক শুল্ক ছাড় ও রেয়ার আর্থ রফতানি নিয়ন্ত্রণ শিথিলের মতো সিদ্ধান্ত নেয়া হয়।

রফতানি এখনো শক্ত অবস্থানে থাকায় এ বছর চীনের প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য অর্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি, রোবটিকস ও উন্নত উৎপাদনশিল্পকে অগ্রাধিকার দিয়ে আগামী বছরগুলোতে বৈশ্বিক বাজারে রফতানি আরও বাড়ানোর লক্ষ্য জানিয়েছে দেশটি। 

মরগান স্ট্যানলির পূর্বাভাস বলছে, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক রফতানি বাজারে চীনের শেয়ার ১৬ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে। যদিও যুক্তরাষ্ট্র–চীন ভূরাজনৈতিক সম্পর্কে অচলাবস্থা থাকায় বৈশ্বিক বাণিজ্য পরিবেশ কতটা স্থায়ী হবে, তা নিয়ে শঙ্কা রয়ে গেছে।


/এআই 

Logo