×
Logo

অর্থনীতি

অস্থির পেঁয়াজের বাজার, কেজিতে দাম বেড়েছে প্রায় ৫০ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম

অস্থির পেঁয়াজের বাজার, কেজিতে দাম বেড়েছে প্রায় ৫০ টাকা

ছবি: এআই জেনারেটেড

সরবরাহ কমার অজুহাতে দেশের বেশিরভাগ বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। তিনদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও, এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। আর নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে।

চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় পেঁয়াজের দাম বাড়ছে বলে জানিয়েছে পেঁয়াজ ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কমে গেছে।

বাজার সংশ্লিষ্টের মতে, প্রতিবছর এই সময় মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়াতে মরিয়া হয়ে ওঠে। এবারও তারা দাম বাড়াচ্ছে। গত মৌসুমে কৃষকরা ন্যায্য দাম না পেয়ে সব পেঁয়াজ বিক্রি করে ফেলেছেন। ফলে এখন তাদের কাছে পেঁয়াজ নেই। তা অসাধু মজুতদারদের দখলে। এই সুযোগে মজুতদাররা সিন্ডিকেট করে পেঁয়াজ আটকে রেখে দাম বাড়াচ্ছে। একই সঙ্গে দাম বাড়ার অজুহাত তুলে ভারত থেকে আমদানির জন্য সরকারকে চাপ দিচ্ছে। 

গ্রাফিক্স: এআই জেনারেটেড

সরেজমিন বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, তিনদিন আগেও মোকামে প্রতি মন পেঁয়াজ ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে সেটি এখন বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৩০০ টাকায়। মণ প্রতি ১ হাজার টাকা বেড়ে যাওয়ায় বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে।

নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই দামও বেশি। তবে আমদানি শুরু হলে দাম কমে আসবে বলে মনে করেন ক্রেতা-বিক্রেতারা।

/এটিএম


Logo