×
Logo

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

ভোটের ফলে এসআইআর’র প্রভাব, আদালতে তৃণমূল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:০৩ পিএম

ভোটের ফলে এসআইআর’র প্রভাব, আদালতে তৃণমূল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা ভোটার তালিকা সংশোধনের নামে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার ফলে অন্তত ৩১টি আসনের ফলাফল সরাসরি প্রভাবিত হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের (টিএমসি)। এই আসনগুলোতে ২০২১ সালের নির্বাচনে টিএমসি জিতলেও এবার সেখানে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সোমবার (১১ মে) সুপ্রিম কোর্টে শুনানির সময়ে ৩১টি আসনের কথা উল্লেখ করে এমনই দাবি করেছে তৃণমূলের সংসদ সদস্য ও সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট পিটিশন জমা দিতে তৃণমূল কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন।

আদালতের বক্তব্য, এসআইআরের কারণে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে, এমন বিষয় জানাতে হলে পৃথক আবেদন করে মামলা করতে হবে। 

আদালতে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার কারণে ৩১টি আসনের ফলাফলে ব্যাপক প্রভাব পড়েছে। উদাহরণ হিসেবে তিনি একটি আসনের কথা উল্লেখ করে বলেন– যেখানে তৃণমূল প্রার্থী মাত্র ৮৬২ ভোটে হেরেছেন, অথচ সেখানে তালিকা থেকে ৫ হাজারেরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

পুরো রাজ্যের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিজেপি ও তৃণমূলের মধ্যে মোট ভোটের ব্যবধান ছিল প্রায় ৩২ লাখ। অথচ ভোটার তালিকা থেকে বাদ পড়ার বিরুদ্ধেই ৩৫ লাখের বেশি আবেদন এখনও ঝুলে আছে।

নির্বাচন কমিশন অবশ্য তৃণমূলের এই অভিযোগ খারিজ করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের অভিযোগের প্রতিকার চাওয়ার সঠিক উপায় হলো পিটিশন দাখিল করা।

এবারের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে তারা জেতে ২০৭টিতে। অন্যদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে জমা হয় ৮০টি আসন।

/এএম

Logo