যুব ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তান ও সিরিয়ার বিপক্ষে হেরে মূল পর্ব ওঠা অনেকটাই এখন কঠিন। ঠিক এ অবস্থায় ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থাটি।
এতে বলা হয়, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু।’
জোন্সের জায়গায় সহকারী কোচ আতিকুর রহমান মিশু এখন গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোচ হিসেবে ডাগ আউটে থাকবেন। এমনিতে জোন্সের আচার আচরণ নিয়ে বাফুফে বেজায় অসন্তুষ্ট ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অহেতুক নেতিবাচক কথাবার্তা বিপাকে ফেলেছিল।
এছাড়া কোচ মিশুর সঙ্গে তার সরাসরি বিরোধ ছিল দেখার মতোই। সব মিলিয়ে জোন্সকে গ্রুপ পর্বের পরই বিদায় করার কথা ছিল। উজবেকিস্তানে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের পর বাফুফে আর দেরি করেনি। তাসখন্দে পত্রপাঠ বিদায় নিশ্চিত করেছে।
/এমএইচআর