×
Logo

খেলাধুলা

ইবোলা আতঙ্কে কঙ্গো-চিলির প্রীতি ম্যাচ বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:২১ এএম

ইবোলা আতঙ্কে কঙ্গো-চিলির প্রীতি ম্যাচ বাতিল

বিশ্বকাপ নিশ্চিতের পর কঙ্গোর উদযাপন। ফাইল ছবি

ইবোলা আতঙ্কে স্পেনে ডিআর কঙ্গো ও চিলির মধ্যকার ফুটবল প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় ম্যাচটি আয়োজন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ৯ জুন স্পেনের লা লিনিয়াতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চিলির পক্ষ থেকে রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের অনুরোধ করা হলেও আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের পরামর্শে শেষ পর্যন্ত ম্যাচ নিষিদ্ধের ডিক্রিতে সই করেন স্থানীয় মেয়র হুয়ান ফ্রাঙ্কো।

১৯৭৪ সালের পর এবারই প্রথম ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে কঙ্গো। তবে মহামারি ইবোলার কারণে বিশ্বমঞ্চের প্রস্তুতিতে একের পর এক ধাক্কা খাচ্ছে দলটি। এর আগে, মে মাসে দেশের মাটিতে তাদের ট্রেনিং ক্যাম্প ও বিদায় সংবর্ধনাও বাতিল করতে হয়েছিল।

এদিকে, কঙ্গো স্কোয়াডকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ জুন হাউস্টনে প্রবেশের আগে কঙ্গো দলকে অবশ্যই ২১ দিনের কঠোর বাবল বা আইসোলেশনে থাকতে হবে। এই নিয়ম না মানলে দেশটিতে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

/এএম

Logo