‘নয়ন ভরা জল গো তোমার’ গেয়ে ভাইরাল লায়লা বাউল, মুগ্ধ নেটিজেনরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:৪৫ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জীর্ণ শাড়ি পরে চপ্পল পায়ে মঞ্চের এক কোণে দাঁড়িয়ে এক নারী মনের গভীর অনুভূতি দিয়ে গাইছেন নজরুলের গান। তার গাওয়া ‘নয়নভরা জল গো তোমার’ গানটি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন অতিথি-শ্রোতারা। যিনি খালি গলায় নজরুল সংগীত পরিবেশন করছেন, তার নাম লায়লা বাউল।
শনিবার (২৪ মে) বিকেলে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। সেখানেই দেখা মেলে এই অভূতপূর্ব দৃশ্যের।
শ্রোতাদের মধ্যে কেউ একজন মুহূর্তটাকে ভিডিওবন্দি করে আপলোড করেন সামাজিক মাধ্যমে। নিমিষেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এক রাতের মধ্যেই ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। তার কণ্ঠ ও গায়কীতে আবেগাপ্লুত হয়ে পড়েন অগণিত দর্শক। কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি ছাড়াই এক ছিন্নমূল নারীর এই দরদভরা গান শুনে কারও কারও নয়ন থেকে হয়তো জলও গড়িয়ে পড়ে।
নেটিজেনদের মন্তব্যেও উঠে এসেছে একরাশ মুগ্ধতা ও ভালোবাসার কথা। কেউ কেউ ভারতের ভাইরাল শিল্পী রানু মণ্ডলের সঙ্গে লায়লা বাউলের তুলনাও করছেন।
ফেসবুকে একজন লিখেছেন, ‘হৃদয়ের অতল থেকে গাওয়া এই গান অন্তর ছুঁয়ে যায়। এমন দরদ খুব কম শিল্পীর কণ্ঠে পাওয়া যায়।’ আরেকজনের মন্তব্য, 'কোনো প্রশিক্ষণ ছাড়াই কী অসাধারণ আবেগ নিয়ে গান গাইছেন! রাষ্ট্রীয়ভাবে এমন প্রতিভার মূল্যায়ন হওয়া উচিত।’
পদ্মার বুকে রাশি রাশি জল আর শহরের বিভিন্ন প্রান্তে ভেসে বেড়ায় লায়লার গান। এই বাউলকে অনেকেই চেনেন ‘পথের শিল্পী’ বলে। কথিত আছে, কোনো ভিসা-পাসপোর্ট ছাড়াই তিনি হেঁটে হেঁটে আজমির শরিফ পর্যন্ত চলে গিয়েছিলেন।
যাত্রাপথে তিনি হয়তো অগণিত মানুষ দেখেছেন, হয়তো স্বপ্নের ঘুড়ি তাড়া করে ফিরেছেন। তবে এক মুহূর্তের জন্যও সম্ভবত লায়লা বাউল গান গাওয়া থামাননি..
/এএম