×
Logo

ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। আজ বুধবার (২২ এপ্রিল) পরীক্ষার সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

এবার ২ জুলাই তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ১৫ আগস্টের মধ্যে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল, রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

এদিকে, ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

সূচিতে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ, উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট, কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ না করা।

আরও রয়েছে— পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করা, পরীক্ষার্থীরা কেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার, অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার, পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার না করা ইত্যাদি।

এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বোর্ডে একই প্রশ্নপত্রে নেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

/এমএন

Logo