জেট্রোর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট
বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী ৫৭ ভাগ জাপানি কোম্পানি বিনিয়োগ বাড়াতে চায়
তৌহিদ হোসেন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্য শুরু স্বাধীনতার পরপরই। প্রথম কয়েক দশকে ব্যবসা সীমিত থাকলেও গতি বাড়ে ২০০০ সালের পর থেকে। পরিবর্তন আসে তৈরি পোশাক, প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতকে ঘিরে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ডলার। বাংলাদেশে এই মূহূর্তে ৩৫০টি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে। এলডিসি গ্র্যাজুয়েশনের আগে জাপানের সাথেই প্রথম অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ সই করে বাংলাদেশ। বাংলাদেশে এই মূহূর্তে ৩৫০টি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে।
দুই দেশের বাণিজ্যের নতুন সুযোগ খুঁজতে সম্প্রতি বাংলাদেশ সফরে আসেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আকিকো ওকামুরা। আলোচনা হয় নতুন সরকারের নীতি নির্ধারকদের সাথে। ঢাকা ছাড়ার আগে যমুনা টেলিভিশনকে তিনি জানালেন, দুই বছরের মধ্যে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বাড়বে।
আকিকো ওকুমুরা বলেন, বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর প্রায় ৫৭ ভাগ দ্রুত ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে। আগ্রহের হিসাবে বললে, ভিয়েতনাম কিংবা আসিয়ানভুক্ত দেশের গড়ের তুলনায় বাংলাদেশের অবস্থান উপরে। শান্তিপূর্ণ নির্বাচন ও নতুন সরকার আসায় কোম্পানিগুলো এখন বিনিয়োগের দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে ভাবছে। স্থিতিশীল পরিবেশ থাকলে শুধু জাপান না, অন্য দেশের বিনিয়োগও টানা সম্ভব।
তবে সুখবরের মাঝে কিছু বিপত্তিও আছে। বাংলাদেশে ব্যবসা করছে এমন ১৭২টি কোম্পানির ওপর জরিপ পরিচালনা করে জেট্রো বলছে, ৫টি বিষয়ে উদ্বেগ কাটছে না। এনবিআরের কার্যক্রম নিয়ে আপত্তি সবচেয়ে বেশি। ৬০ ভাগ প্রতিষ্ঠান মনে করে প্রশাসনের কাজের গতি যথেষ্ট না। ৫৮ ভাগের দুশ্চিন্তা শ্রমিকের মজুরি নিয়ে। এর বাইরে বিদ্যুৎ ও সড়ক অবকাঠামো নিয়েও দুর্বলতার কথা জেনেছে জেট্রো।
আকিকো ওকুমুরা বললেন, কাস্টমস ছাড়পত্র প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট সমাধান আশা করি আমরা। এটি শুধু কাস্টমস কর্মকর্তাদের সাথে নয়, ব্রোকারদের সাথেও হতে পারে। তাই সার্বিক বিষয়টি এনবিআরের খতিয়ে দেখা উচিত। পাশাপাশি এইচএস কোড স্পষ্টীকরণে সামঞ্জস্য ও অনলাইন সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা জরুরি।
জেট্রো ভাইস প্রেসিডেন্টের মতে, বাংলাদেশে শ্রমিকের দক্ষতা বাড়লেও মধ্যম সারিতে পর্যাপ্ত কর্মী তৈরি হচ্ছে না।
এ নিয়ে আকিকো ওকুমুরা বলেছেন, বাংলাদেশে দক্ষ শ্রমিকের চেয়ে ব্যবস্থাপকের ঘাটতি বেশি। মনে রাখতে হবে, তারাই সামনে বড় পদে নেতৃত্ব দেবেন। এমন জনবল না থাকলে বিদেশিদের জন্য ব্যবসা বাড়ানো কঠিন। এটি সমাধানে শুধু বিদেশ থেকে কর্মী আনলে চলবে না, স্থানীয় দক্ষতা বাড়াতেও কাজ করতে হবে।
/এমএন