বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের স্কোয়াডে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন।
ইনজুরির কারণে সর্বশেষ অ্যাশেজে ছিলেন না অভিজ্ঞ এই তিন তারকা। তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়ে আবারও লাল বলের ক্রিকেটে ফিরছেন তারা।
প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের সাথে পেস বিভাগে ধার বাড়াবেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। আর অলরাউন্ডার হিসেবে থাকছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার।
অভিজ্ঞরা ফেরায় দল থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট।
তবে ব্যাটিংয়ের টপ অর্ডারে কোনো পরিবর্তন আনেনি অজিরা। ট্রাভিস হেডের সাথে ওপেনিংয়ে জেক ওয়েদারাল্ডের ওপরই আস্থা রেখেছে নির্বাচকরা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচটি ১৩ আগস্ট ডারউইনে এবং ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
/এএম