×
Logo

খেলাধুলা

রূপগঞ্জকে হারিয়ে শীর্ষেই থাকলো মোহামেডান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:২১ পিএম

রূপগঞ্জকে হারিয়ে শীর্ষেই থাকলো মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০৭ রানে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেঞ্চুরি করে ম্যাচসেরা মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়।

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৯ রান করে মোহামেডান। হৃদয়ের ১০১ রানের পাশাপাশি এনামুল হক বিজয় করেন ৭১, আফিফ হোসেন ধ্রুব করেন ৭০ রান।

জবাবে পাওয়ারপ্লেতেই নব্বই রান তুলে ফেলে রূপগঞ্জ। ১৫ বলে ফিফটি করে যৌথভাবে লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন হাবিবুর রহমান সোহান। নাহিদ রানার এক ওভার থেকেই নেন ২৬ রান। শুরুর এই ঝড় ধরে রাখতে পারেনি রূপগঞ্জ, ম্যাচ হারে ১০৭ রানে।

কিছুটা খরুচে বোলিং করলেও মোহামেডানের হয়ে ৪ উইকেট নিয়েছেন নাহিদ রানা। এছাড়া, তাইবুর ৩টি এবং সাইফউদ্দিনের শিকার ২টি উইকেট।  

এই জয়ে ৮ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো মোহামেডান। লিগে বাকি আছে আরও ৩ ম্যাচ। সবকটিতে জিততে পারলে ১৬ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে সাদা-কালোরা।

/এএম

Logo