×
Logo

ক্যাম্পাস

রাবিতে র‍্যাগিং অভিযোগকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:১৭ পিএম

রাবিতে র‍্যাগিং অভিযোগকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিংকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে প্রক্টর ও রাকসু জিএসের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে শিক্ষার্থীদের একে অপরকে এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে র‍্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। পরে দুই পক্ষকে শান্ত করলে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সোমবার (১৮ মে) ইইই বিভাগের কয়েকজন শিক্ষার্থী তাদের জুনিয়রদের নিয়ে ডিনস কমপ্লেক্স ভবনের সামনে অবস্থান করছিলেন। বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে সেখানে যাওয়া হয়। তবে সেখানে র‍্যাগিংয়ের কোনো ঘটনা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ইইই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, ফলিত রসায়ন বিভাগের একজন শিক্ষার্থী ওই সময় তাদের ছবি তুলে অন্য সেশনের পরিচয় দিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার (১৯ মে) দুপুরে আবারও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

/এওয়াইএ

Logo