ভিসির নিয়োগ বাতিল দাবিতে ‘ডুয়েট ব্লকেড’ অব্যাহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:৩১ পিএম
ফাইল ছবি
নতুন উপাচার্যের (ভিসি) নিয়োগ বাতিল এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত আছে। ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে ক্যাম্পাসের মূল ফটকে আন্দোলনকারীদের অবস্থান দেখা গেলেও কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের সুবিধার্থে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়। ফলে সীমিত পরিসরে কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পেরেছেন। তবে কোনো বিভাগে ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং প্রশাসনিক ভবনের মূল ফটক তালাবদ্ধ রয়েছে।
এর আগে, নতুন ভিসির নিয়োগকে কেন্দ্র করে গত রোববার (১৭ মে) ডুয়েট ক্যাম্পাসে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামা সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের সাথে নিয়ে শান্তিকামী শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে।
অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মূলত ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে এবং সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করছে।
/এএ/এএম