সাংবাদিকতায় নারী নেতৃত্ব গড়তে ৩২ শিক্ষার্থীর বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:৪০ পিএম
ভবিষ্যতের নারী মিডিয়া নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের চারটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ৩২ জন নারী শিক্ষার্থীকে নিয়ে তিন দিনের একটি নিবিড় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সুইডেনভিত্তিক ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের এজাইল প্রকল্পের ‘ওমেন মিডিয়া লিডারস অব টুমরো’ (ডাব্লিউএমএলটি) উদ্যোগের অংশ হিসেবে এই বিশেষ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
গত শনিবার (৯ মে) থেকে সোমবার (১১ মে) মানিকগঞ্জের গণকল্যাণ ট্রাস্টে (জিকেটি) অনুষ্ঠিত এই কর্মশালায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেন) এবং অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে গিয়ে অভিজ্ঞতাভিত্তিক ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে সাজানো এই প্রশিক্ষণে আত্ম-নেতৃত্ব, রোল মডেল এবং প্রতিকূল মিডিয়া পরিবেশে টিকে থাকার কৌশলের ওপর গুরুত্ব দেওয়া হয়। সেশনগুলোতে পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক সার্সতি ফোর্সবার্গ। এছাড়া রিসোর্স পারসন হিসেবে আরও অংশ নেন গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) বাংলা সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক জেসমিন পাপড়ি, নাজিয়া আফরিন এবং চ্যানেল ২৪-এর স্টাফ করেসপন্ডেন্ট মরিয়ম আজিজ মৌরিন।
কর্মশালায় ডাব্লিউএমএলটি-এর প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হালিমা আক্তার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুভা তাহসিন নতুন ব্যাচের সাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
প্রশিক্ষণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্থিতিস্থাপকতা।‘ওয়ান-ইফরা’ এর সেক্সুয়াল হ্যারাসমেন্ট হ্যান্ডবুক ব্যবহার করে অংশগ্রহণকারীদের মাঠপর্যায় ও নিউজরুমে যেকোনো হুমকি ও হয়রানি শনাক্ত, নথিবদ্ধ এবং তা মোকাবিলার আইনি ও প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা দেওয়া হয়। সেশনে জোর দিয়ে বলা হয়, হয়রানি কোনোভাবেই সাংবাদিকতার স্বাভাবিক অংশ হতে পারে না।
প্রশিক্ষণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা তাসনিম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিন কালাম জানান, এই কর্মশালাটি ফিল্ড রিপোর্টিং নিয়ে তাদের ভীতি দূর করেছে এবং নিউজরুম ব্যবস্থাপনা, আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক ফেলোশিপের মতো বাস্তব দক্ষতা ও তথ্য অর্জনের মাধ্যমে তাদের পেশাগত আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, ‘এজাইল’ হলো ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতা শক্তিশালী করার লক্ষ্যে গঠিত একটি বৈশ্বিক কনসোর্টিয়াম (২০২৫–২০২৮)। এর সদস্য সংগঠন হিসেবে ইন্টারনিউজ ইউরোপ, সিএফআই ডেভেলপমেন্ট মিডিয়া, থমসন মিডিয়া ও আর্টিকেল ১৯-এর সাথে যৌথভাবে কাজ করছে ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট।
/এএ