ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে 'ব্লকেড কর্মসূচি'
স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০১:২৯ পিএম
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে অচলাবস্থা তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চলমান ব্লকেড কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নবনিযুক্ত ভিসি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
কর্তৃপক্ষ আরও জানায়, গত বৃহস্পতিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ওইদিন রাত থেকেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
এদিকে, মঙ্গলবার সকালে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করে। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। ফলে গেটের বাইরে তাদের ভিড় দেখা যায়।
এর আগে, গত সপ্তাহের সোমবার নবনিযুক্ত ভিসির ক্যাম্পাসে যোগদানের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। বিকেল পর্যন্ত বিক্ষিপ্ত সংঘর্ষ চললেও পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, নবনিযুক্ত ভিসির পক্ষে ছাত্রদল ও কিছু বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে অবস্থান নেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
শিক্ষার্থীরা জানায়, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় প্রতিষ্ঠানের স্বার্থে বাইরের কাউকে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভিসি নিয়োগকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবারের সংঘর্ষে গেটের বাইরে দায়িত্বরত পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন এবং সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
/এওয়াইএ/এমএইচআর