×
Logo

ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জোহারি উইন্ডো’ নিয়ে একাডেমিক প্রদর্শনী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:২১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জোহারি উইন্ডো’ নিয়ে একাডেমিক প্রদর্শনী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জোহারি উইন্ডোর দিন শেষ: ছয়টি ডোর, ছয়টি চ্যালেঞ্জ’ শীর্ষক ব্যতিক্রমী একাডেমিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রচলিত ‘জোহারি উইন্ডো’ তত্ত্বের সীমাবদ্ধতাকে নতুনভাবে ব্যাখ্যা করে আত্ম-উপলব্ধি ও যোগাযোগের ভিন্ন মাত্রা তুলে ধরতে শিক্ষার্থীরা ‘উইন্ডো’র পরিবর্তে নতুন ‘ডোর’ ধারণা উপস্থাপন করেন। 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সালমা আহমেদ এবং বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে ‘জেইউএমএস ২০২: আন্তঃব্যক্তিক ও গোষ্ঠী যোগাযোগ’ কোর্সের অংশ হিসেবে এ প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে। 

১৯৫৫ সালে জোসেফ লুফট ও হ্যারিংটন ইনহাম প্রবর্তিত ‘জোহারি উইন্ডো’ দীর্ঘদিন ধরে মনস্তাত্ত্বিক বিশ্লেষণে ব্যবহৃত হলেও, বর্তমান ডিজিটাল যুগে আত্মপরিচয় ও যোগাযোগের বহুমাত্রিকতা বিবেচনায় শিক্ষার্থীরা এর বিকল্প ভাবনার প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই প্রেক্ষাপটে তারা ‘উইন্ডো’র পরিবর্তে ‘ডোর’ ধারণা উপস্থাপন করেন, যেখানে ব্যক্তি নিজের ইচ্ছামতো পরিচয়ের স্তরগুলো খুলতে, আংশিক উন্মুক্ত রাখতে বা সম্পূর্ণ গোপন রাখতে পারেন।

শিক্ষার্থীরা বলেন, কোর্স চলাকালে শিক্ষকদের উৎসাহে তারা শুধু তত্ত্ব মুখস্থ না করে বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে নতুন কাঠামো তৈরির চ্যালেঞ্জ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় তারা ছয়টি দলে বিভক্ত হয়ে নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ছয়টি ভিন্ন ‘ডোর মডেল’ নির্মাণ করেন।

প্রদর্শনীতে উপস্থাপিত মডেলগুলোর মধ্যে ছিল—‘অপরাজিতা ডোর’, যেখানে সম্পর্কের গভীরতার ওপর আত্মপ্রকাশ নির্ভরশীল; ‘আরনাস ডোর অব ফান’, যা ডিজিটাল পরিচয় ও বাস্তব সত্তার দ্বন্দ্ব তুলে ধরে; ‘মাইন্ডস্কেপ এন্ট্রি’, যেখানে আত্মপরিচয়কে একটি চলমান মানসিক যাত্রা হিসেবে দেখানো হয়েছে।

আয়োজকরা জানান, এই প্রদর্শনী আত্ম-উপলব্ধি ও পারস্পরিক যোগাযোগের জটিলতা নতুনভাবে অনুধাবনের একটি সৃজনশীল প্রয়াস। তাদের মতে, এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রচলিত তাত্ত্বিক কাঠামোকে সমসাময়িক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করেছেন।

/এসআর 

Logo