×
Logo

জাতীয়

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় বগুড়ার শিবগঞ্জে আহত বৃদ্ধা ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। আজ সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। এর মধ্যে দুর্ঘটনাস্থলে ফিরোজা বেগম মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে বাচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। অপরদিকে, গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী নাজমা আরা বেগমও আহত হন।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

অন্যিদকে, আহত বৃদ্ধা ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

/এমএন

Logo