কাশিমপুর কারাগার থেকে বন্দির পলায়ন: জেলার শিরিন সাময়িক বরখাস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে সিনিয়র সচিব তানভীর-আল-নাসীফের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত নারী বন্দি রিম্পা (২১) পালিয়ে যান। এ ঘটনায় জেলার শিরিন আক্তারের দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলা রয়েছে বলে কারা অধিদফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়।
কারা অধিদফতরের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী শিরিন আক্তারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন তিনি প্রচলিত আর্থিক বিধিবিধানে খোরাকি ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
/এএম