পশ্চিম এশিয়া
গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত— নিশ্চিত করল ইরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ এএম
ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানি গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল-জাজিরার।
এর আগে আজ বুধবার (১৮ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানি মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। এর কয়েক ঘণ্টা পর ইরানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলো।
গতকাল মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার সহকর্মীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, তারা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। ইরান আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে।
প্রতিবেদনে বলা হয়, ইসমাইল খাতিবকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করতেন ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানান, তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীকে তাদের নজরে থাকা অন্যান্য ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের নির্মূল করার স্থায়ী ক্ষমতা দিয়েছেন। প্রতিবার তাদের পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না।
উল্লেখ্য, লারিজানি ইরানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ইতোপূর্বে পশ্চিমাদের সঙ্গে দেশটির পারমাণবিক আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন এবং সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
/এমএইচআর