ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক। রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি দেশটির সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি। শহীদ আলেম ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি আল-হুসাইনি আল-খামেনিকে আমরা নবী পরিবারের অগ্রগণ্য সদস্যদের একজন হিসেবে বিবেচনা করি।’
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড ‘একটি প্রকাশ্য আগ্রাসন ও নিন্দনীয় কাজের ফল, যা সব মানবিক ও নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’
উল্লেখ্য, শনিবার থেকে শুরু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
/এমএইচআর