জাতীয় কবির সাহিত্যকর্মের অনুবাদ 'কুইনটিসেন্স অব নজরুল'-এর ইবুক প্রকাশিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের ইংরেজি অনুবাদগ্রন্থ 'কুইনটিসেন্স অব নজরুল' বা 'নজরুল নির্যাস'-এর ইবুক প্রকাশিত হয়েছে। ইবুকটি বিনামূল্যে পড়া যাচ্ছে নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইটে।
এর আগে, গত ফেব্রুয়ারিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট অডিটোরিয়ামে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বইটি প্রসঙ্গে বলেন, নজরুল সাহিত্যকে বিশ্বমণ্ডলে পৌঁছে দেয়ার লক্ষ্যে এ ধরনের উচ্চমানের অনুবাদ শুধু একটি গ্রন্থ নয় বরং একটি সাংস্কৃতিক প্রকল্প। এর মাধ্যমে নতুন প্রজন্মের গবেষক বা সাহিত্য অনুরাগীরা নজরুলকে নতুন চোখে দেখার সুযোগ পাবেন।
জাতীয় কবির সাহিত্যকর্মের ইংরেজি অনুবাদের উদ্যোগ কী লক্ষ্যে নেওয়া হয়েছে এমন প্রশ্নে শিবলী বলেন, এই উদ্যোগ নেওয়ার কথা ছিল আরও আগেই। দুঃখজনক হলেও সত্য, নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠার ৪০ বছর পর তার সাহিত্যকর্মের ইংরেজি অনুবাদ করে কবির বৈশ্বিক হয়ে ওঠার আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি। এই গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত থাকতে পেরে আমি ব্যক্তিগতভাবে এক গভীর ঐতিহাসিক দায়িত্ব পালন করেছি বলে মনে করি।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বলেন, কাজী নজরুল ইসলাম একজন বিশ্বকবি। নির্যাতিত-নিপীড়িত মানুষের কথা তার কলমে বাঙময় হয়েছে। নজরুল নিজেই বলেছেন– 'আমি এই দেশে জন্মেছি বলে শুধু এই দেশ বা এই সমাজের নই; আমি সকল দেশের, সকল মানুষের'। কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যেই অবিস্মরণীয় নয় বরং সারা দুনিয়ার জন্য অপরিহার্য এক নাম।
নজরুলের সাহিত্যকর্ম পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে শিবলী বলেন, 'কালচারাল ডিপ্লোমেসি থ্রু আওয়ার ন্যাশনাল পোয়েট' প্রকল্পের মাধ্যমে ৪০টির বেশি দেশে 'কুইনটিসেন্স অব নজরুল' বইটি পাঠানো হবে এবং বিভিন্ন ভাষায় তা অনূদিত হবে।
/এএম