×
Logo

শিল্প ও সাহিত্য

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন আলোকচিত্রী পিনু রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন আলোকচিত্রী পিনু রহমান

'সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফিকস অ্যাওয়ার্ড-২০২৬'-এ, ‘থ্রেডস অব লাইফ’ বা 'জীবনের বুনন' শিরোনামের ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন আলোকচিত্রী পিনু রহমান। পেশায় তিনি একজন ব্যাংক কর্মকর্তা, তবে ছবি তোলাই তার নেশা। সেই নেশা থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতার এ পুরস্কার ঘোষণা করা হয়।  

ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন এবং সনির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এ বছর ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে জমা পড়ে প্রায় ৪ লাখ ৩০ হাজার ছবি। সেখান থেকে প্রতিটি দেশের একজন করে বিজয়ী নির্বাচিত করা হয়।

পুরস্কার হিসেবে পিনু রহমান পাচ্ছেন, সনির সর্বাধুনিক ডিজিটাল ইমেজিং সরঞ্জাম। এছাড়া তার বিজয়ী ছবি প্রদর্শিত হবে লন্ডনের ঐতিহাসিক Somerset House-এ, যা চলবে আগামী ১৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত। ছবিটি স্থান পাবে অফিসিয়াল ফটো বুকেও।

রূপালী ব্যাংকের এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন। তার তোলা ছবি প্রকাশিত হয়েছে দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, ডয়েচ ভেলে, আল জাজিরা, নিক্কেই এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমে।

আন্তর্জাতিক অঙ্গনে তিনি বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি ওয়ার ফটোগ্রাফি অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন, যা তার আন্তর্জাতিক সম্পৃক্ততাকে আরও দৃঢ় করেছে।

এ পর্যন্ত দেশে-বিদেশে ৫০টিরও বেশি গ্রুপ প্রদর্শনীতে অংশ নিয়েছেন পিনু রহমান। শিগগিরই জাপানে একক আলোকচিত্র প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে তার। পাশাপাশি বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও মানবিক গল্প নিয়ে কাজ করা এই আলোকচিত্রী সাফল্যের সঙ্গে তুলে ধরেছেন বিশ্বমঞ্চে। 

/এনএ 

Logo