×
Logo

সারাদেশ

অর্থনৈতিক গতিশীলতাসহ সব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী সফল হবেন: গয়েশ্বর চন্দ্র রায়

রাজবাড়ী করেসপনডেন্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

অর্থনৈতিক গতিশীলতাসহ সব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী সফল হবেন: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যেসব জনগণ বিএনপির উপর আস্থা রেখেছেন তাদের প্রতি অনুরোধ ভুল করে অবিশ্বাস করবেন না। একটু সময় দেন, অর্থনৈতিক গতিশীলতাসহ দেশের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

লংমার্চ নিয়ে তিনি বলেন, বেহেশতে যাওয়ার জন্য যে টিকেট বিক্রি করেছিল, সেই বেহেশতের ঠিকানা কোথায়, সেটি খোঁজার জন্য বিরোধীদল লংমার্চ করবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ষড়যন্ত্র অদৃশ্যে দানা বাঁধছে। ষড়যন্ত্র যখন দৃশ্যমান হবে তখন বুঝবেন ওরা কতো। প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৫ আগস্টের পর প্রকাশ্য হওয়া গুপ্তরা বিশ্ববিদ্যালয় সংসদ দখল করেছে। তারা ছাত্রলীগের পদ গ্রহণ করেছিল। অথচ ওদের কথাবার্তায় মনে হয় আজকের সরকার ওদের দয়ার দান।

তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে প্রশাসনের মধ্যে আওয়ামী ভূত পেয়েছি। এই প্রশাসন পেশাদার হতে পারেনি। পেশাদারিত্ব না থাকায় তাদের দিয়ে ভালো কাজ করানো কঠিন। তাদের অনেকেই আপা (শেখ হাসিনা) ফিরে আসবেন সেই অপেক্ষায় রয়েছেন। সাহস থাকলে হাসিনা ফিরে আসুক। আমরাও চাই ফিরে আসুক। জনগণ কী করতে চায় আসলে তখন টের পাবেন, তার আগে টের পাবেন না।

তিনি জানান, লক্ষ কোটি টাকা খরচ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি হাসিনা। এখনও চালু করার মতো আপ টু ডেট হয়নি।

তিনি বলেন, পুলিশ দীর্ঘ দিনেও সাগর-রুনির হত্যাকাণ্ডের হদিস করতে পারেনি। তবে আশার আলো, কয়েকদিন আগে দুটি নাম এসেছে। একজন এক সময়ের প্রতাপশালী মেজর জেনারেল জিয়াউল হাসান, আরেকজন রোকেয়া প্রাচী। তদন্তে রহস্যের বিস্তারিত জানা যাবে। তবে সেই রহস্য হলো তৎকালীন সরকারের অপকর্মের ডকুমেন্টারি উদ্ধার করা, যাতে সরকারকে বিব্রত হতে না হয়। এই হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাপ্রেমী সাংবাদিকরা নিহত রুনির বিরুদ্ধে কুৎসা রটান। এটি করে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছিলেন।

/এমএইচআর

Logo