নরসিংদীতে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা আব্দুল বাছেদ মিয়া (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে যায়। সে পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক।
পরিবারের সদস্যরা জানান, ছেলের সাথে বাবার পারিবারিক কোন বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে পিতাপুত্র একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগম সহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার পিতাকে পেটে ছুরিকাঘাত করেছে। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ঘাতক পুত্র শাকিল। এতে পিতা আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
/এসআর