×
Logo

সারাদেশ

ফরিদপুরে ইজিবাইক চালক নাঈম হত্যায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম

ফরিদপুরে ইজিবাইক চালক নাঈম হত্যায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে ইজিবাইক চালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ফরিদপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ফরিদপুর সদর উপজেলার লোকমান খাঁর ডাঙ্গী গ্রামের আছমত শেখ ও সাগর মোল্যা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল গোয়ালের টিলা গ্রামের বাসিন্দা ও ইজিবাইক চালক নাঈম শেখ ইজিবাইকসহ হঠাৎ নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। পরদিন পুলিশ সন্দেহভাজন হিসেবে আছমত শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। 

স্বীকারোক্তি অনুযায়ী, তার বসতবাড়ির পাশে মাটির নিচে প্লাস্টিকের বস্তায় পুঁতে রাখা অবস্থায় নাঈম শেখের নিথর দেহ উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অপর আসামি সাগর মোল্যাকেও গ্রেপ্তার করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন।

/এএ  

Logo