×
Logo

সারাদেশ

৪ দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত, ৯ ঘণ্টা পর রেলপথ অবরোধ তুলে নিলো রাবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

৪ দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত, ৯ ঘণ্টা পর রেলপথ অবরোধ তুলে নিলো রাবি শিক্ষার্থীরা

চলন্ত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার প্রতিবাদে রেলপথ অবরোধের ৯ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে তিনটায় চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইন থেকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হলে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে। 

এর আগে গত রাতে ঢাকা থেকে রাজশাহী গামী 'পদ্মা এক্সপ্রেস' ট্রেনে দায়িত্বরত টিটি সুমন আলীর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠলে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেন। শিক্ষার্থীদের টানা ৯ ঘণ্টার এই অবরোধে অন্তত ১০টি ট্রেনের সূচি বিপর্যয় ঘটে, ফলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার শত শত সাধারণ যাত্রী।

পরিস্থিতি নিরসনে বেলা সাড়ে ১১টা থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত টিটিই সুমন আলী সবার সামনে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে ঘটনার নিরপেক্ষ তদন্তে রেলওয়ে ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে গভীর রাতে রাজশাহীতে আসা ৩টি ট্রেনের বিশ্ববিদ্যালয়ে নতুন যাত্রা বিরতি দেওয়া, ট্রেনের শিডিউলের সঙ্গে মিল রেখে রাবির শাটল বাস চালু করা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৬ আগস্ট গৃহীত এসব সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনায় পুনরায় সভা অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে দেন।

/এএ

Logo