×
Logo

সারাদেশ

গারদখানা থেকে পালানো ৩২ মামলার আসামি 'সম্রাট' ডাকাত ময়মনসিংহ থেকে ফের গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম

গারদখানা থেকে পালানো ৩২ মামলার আসামি 'সম্রাট' ডাকাত ময়মনসিংহ থেকে ফের গ্রেফতার

গাজীপুর আদালতের গারদখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৩২ মামলার আসামি সম্রাট মন্ডল (২৮)-কে ময়মনসিংহ থেকে পুনরায় গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। 

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে 'র‍্যাব-১৪'-এর সহায়তায় ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত সম্রাট জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে এবং গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট ৩২টি মামলা রয়েছে। 

'র‍্যাব-১' গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেফতার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর সদর মেট্রো থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, রোববার (১৯ জুলাই) রাতে, গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর মেট্রো থানা-পুলিশ। পরের দিন সোমবার দুপুরে, আসামিকে আদালতে হাজির করার জন্য গাজীপুর আদালতের গারদখানায় নেওয়া হয়। সেখানে দায়িত্বরত সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়ার পর কাগজপত্রের আনুষ্ঠানিকতা চলার ফাঁকে তিনি কৌশলে পালিয়ে যান।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পালিয়ে যাওয়ার পরপরই একাধিক দল অভিযানে নামে এবং পরবর্তীতে র‍্যাবের সহায়তায় তাকে পুনরায় গ্রেফতার সম্ভব হয়। 

অন্যদিকে, আদালতের সুসংরক্ষিত গারদখানা থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেছেন, তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএ

Logo