×
Logo

সারাদেশ

যশোরে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

যশোর করেসপনডেন্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম

যশোরে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় ইটের ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ প্রাণ হারিয়েছেন। 

সোমবার (২০ জুলাই) সকালে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় সংলগ্ন রুদ্রপুর গ্রামের শেষ সীমান্তে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 

উক্ত ঘটনায়, নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রুবেল (৩০), ট্রলিচালক আমিরুল ও হেলপার নিরব গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্ররা জানান, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ উপভোগের পর ভোরে তিন বন্ধু নাহিদ, ঊষা ও রুবেল একটি মোটরসাইকেলে চড়ে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে একটি ইটভাটা থেকে ইট নিয়ে দ্রুতগতিতে আসা একটি স্যালোচালিত ট্রলি যাওয়ার সময় রুদ্রপুর গ্রামের সীমান্তে পৌঁছে উভয় যানবাহনের চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মর্মান্তিক মৃত্যু হয়। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এএ  

Logo