×
Logo

সারাদেশ

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ড্রাইভারকে মারধরের অভিযোগ

বাউফল করেসপনডেন্ট

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:৫০ এএম

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ড্রাইভারকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘটনার পর থেকে গাড়িচালক নিখোঁজ রয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পক্ষ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা সদরের সৌদিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী বিএনপি নেতা রাজিব বাবু জানান, তিনি কালাইয়া বন্দরের ইজারাদার। ঘটনার সময় তিনি রিপোর্টার্স ইউনিটিতে একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে সৌদিয়া মার্কেট এলাকায় যানজটের কারণে তার গাড়ি আটকে যায়। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ মোটরসাইকেল নিয়ে এসে তার গাড়ির পেছনে কয়েকবার ধাক্কা দেয় বলে অভিযোগ করেন তিনি।

রাজিব বাবুর দাবি, ধাক্কার কারণ জানতে চাইলে ফাহাদ গাড়ির চালককে মারধর করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে সন্ধ্যায় তার গাড়িটি থানা চত্বরে পাওয়া গেলেও গাড়ির ভেতরে থাকা প্রায় ৭৬ লাখ টাকা, পাঁচটি প্রজেক্টর এবং চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। তিনি বলেন, গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রাখায় আমি মোটরসাইকেল নিয়ে যেতে পারছিলাম না। পরে গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চালক আমার হাত ধরে টান দেন। এতে আমার অসুস্থ স্ত্রীসহ আমরা দুর্ঘটনার মুখে পড়তে পারতাম। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। আমি কাউকে মারধর করিনি। টাকা-পয়সা ও চালক নিখোঁজ হওয়ার বিষয়েও আমার কোনো কিছু জানা নেই।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে আমরা জেনেছি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এছাড়া সাহেদ নামের স্থানীয় এক যুবক গাড়িটি থানায় এনে রেখে গেছে। তখন এই ঘটনার বিষয়ে পুলিশ অবগত ছিল না বলেও জানান তিনি। 

/এওয়াইএ/এএ

Logo