×
Logo

সারাদেশ

নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) করেসপনডেন্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকায় নিখোঁজ হওয়ার সাত দিন পর আড়িয়াল বিল থেকে নারায়ন সরকার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (২৮ মে) রাতে নারায়ন সরকার তার দুই বন্ধুর সঙ্গে বরশি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আড়িয়াল বিলে যায়। রাত শেষে তার দুই বন্ধু বাড়িতে ফিরে এলেও নারায়ন সরকার আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে নবাবগঞ্জ থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরি  এবং পরবর্তীতে একটি মামলা দায়ের করে।

ঘটনার তদন্তে পুলিশ সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বক্সনগর আড়িয়াল বিলে স্থানীয় লোকজন একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে নবাবগঞ্জ থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

/এওয়াইএ/

Logo