×
Logo

সারাদেশ

নীলফামারীতে মাকে হত্যা করে মরদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ

নীলফামারী করেসপনডেন্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০১:১১ পিএম

নীলফামারীতে মাকে হত্যা করে মরদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধা মাকে হত্যার পর নিজ শোয়ার ঘরের মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মো. জুয়েল (৩৫) পলাতক রয়েছেন।

বুধবার (৩ জুন) দিবাগত রাতে পুলিশ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ঘরে মাটি খুঁড়ে মারুফা বেগম (৬০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনদিন আগে জুয়েল তার মাকে হত্যা করে নিজ শোয়ার ঘরের মাটির নিচে লাশ গোপন করে রাখেন। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি জানতে পারেননি।

বৃদ্ধার ছোট ছেলে ও অভিযুক্ত জুয়েলের ভাই লাভিন মিয়া বলেন, আমি ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। ঈদ উপলক্ষ্যে বাড়িতে এসে শুক্রবার জুমার নামাজের পর শ্বশুরবাড়িতে যাই। পরে বাড়িতে ফিরে মাকে দেখতে না পেয়ে বড় ভাইয়ের কাছে জানতে চাই। এ সময় মায়ের কথা তিনি জানেন না বলে জানান। আশে-পাশে ও স্বজনদের কাছেও মায়ের খোঁজ মিলেনি।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে মনে সন্দেহ হলে একপর্যায়ে বড় ভাইয়ের শোয়ার ঘরের মাটিতে ফাটল এবং বিছানায় রক্তের দাগ দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের মাটি খুঁড়ে মারুফা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝের মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। লাশের মাথার সামনে বাম দিকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে মাথায় আঘাত করে তাকে হত্যা করে ঘরের মেঝের মাটি খুঁড়ে লাশ পুঁতে রাখা হয়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

/এসআর 

Logo