বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
বরগুনা করেসপনডেন্ট
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:১২ পিএম
বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর দুইটি দক্ষ থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল পাঁচটায় ডাকবাংলোর তৃতীয় তলার দুটি পৃথক কক্ষ থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন বরগুনা পৌরসভার কালিবাড়ি এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪), তার কন্যা আরাধ্য বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)।
এ বিষয়ে বরগুনা জেলা পরিষদ প্রশাসক বলেন, গত দুমাস আগে মাস্টার রোলে ইতি রানী পরিচ্ছন্ন কর্মী হিসেবে জেলা পরিষদ ডাকবাংলোতে যোগদান করেন। প্রতিদিন সকাল ৯ টায় আসলেও আজ তিনি বেলা ১১ টায় আসেন। ১২ বছরের শিশু আরাধ্য বিশ্বাসের মরদেহ খাকদোন-৩ এবং ইতি রানী ও ৩ বছরের ছোট মেয়ে অনুরাধা বিশ্বাস এর মরদেহ খাকদোন-৪ কক্ষ থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। নিহত ইতি রাণী ওই ডাকবাংলোতেই ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। তবে ওই রুম থেকে বেশ কিছু ঘুমের ট্যাবলেট পাওয়া গেছে।
/এসআর