জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে আবারও বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম
বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৩ জুন) উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, শূন্য রেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করলে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে জানায় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে বেড়া দেয়ার কাজে বাধা দেয় বিজিবি।
এরপর বিজিবি এবং বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে কঠোর নজরদারি করছে বিজিবি।
এদিকে, সাতক্ষীরা সীমান্তে বিএসএফ'র গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি স্বজনদের। আজ বুধবার (৩ জুন) ভোরে আহত মহিউদ্দিন ও শাহীনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের দাবি, সীমান্ত এলাকা থেকে ফেরার পথে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। এতে শাহীনের হাতে এবং মহিউদ্দিনের পিঠে গুলি লাগে। তবে এখনও সীমান্তে বিএসএফ'র গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করেনি বিজিবি।
/এনএ