×
Logo

সারাদেশ

টাঙ্গাইলে অরক্ষিত খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ টি গরুর মৃত্যু

টাঙ্গাইল করেসপনডেন্ট

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:২৫ পিএম

টাঙ্গাইলে অরক্ষিত খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ টি গরুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ফসলের মাঠে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মারা যায়।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, ওই এলাকায় একটি ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে একটি বাঁশের খুঁটি স্থাপন করে রাখা হয়েছিল। বুধবার সকালে সেই বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া পাঁচটি গরু সেটির সংস্পর্শে আসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে এ সময় স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতায় মাঠে থাকা আরও কয়েকটি গরু বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পায়। 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত খুঁটিটি অপসারণ কিংবা মেরামতের জন্য দাবি জানানো হলেও বিদ্যুৎ বিভাগ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন জানান, ঘটনাটি তারা শুনেছেন এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

/এএ

Logo