×
Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আটক ৩

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে ফিরোজ আলী (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ভোরের দিকে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। তিনি প্রায় ৫ বছর যাবত ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

গণপিটুনির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের এমরান হোসেনের (৫৭) গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টার সন্দেহে ফিরোজকে আটক করা হয়।

এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় ফিরোজকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার আনুমানিক সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

/এএম 

Logo