×
Logo

সারাদেশ

নরসিংদীতে পুকুরপাড় থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০২:৪৭ পিএম

নরসিংদীতে পুকুরপাড় থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে ফাহিম মিয়া (১৭) নামে এক কিশোর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহিম মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে এবং সে নিজেও ইজিবাইকের চালক ছিল।

পুলিশ ও স্থানীয় মাধ্যমে জানা যায়, গতকাল বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ফাহিম। পরবর্তীতে রাত ৮টার দিকে তার বাবার সাথে সবশেষ কথা হলে ফাহিম জানায় যে কিছু লোক তার পিছু নিয়েছে। ছেলের মুখে এই কথা শুনে তার বাবা প্রতিবেশীদের নিয়ে ফাহিমকে খুঁজতে বের হন। তবে সারারাত খোঁজাখুঁজি করেও ফাহিমের কোনো সন্ধান মেলেনি। 

মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। অন্যদিকে, ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটি পাওয়া গেলেও সেটিতে থাকা ৪টি ব্যাটারি দুর্বৃত্তরা নিয়ে গেছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, সকালে ঘটনাটি শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় মরদেহটির মাথার অংশ পানিতে আর পায়ের অংশ পাড়ে ছিল।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটির গলার পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

/এএ 

Logo