সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ বছর বয়সী এক ইন্টার্ন নার্সের (মিডওয়াইফ) মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালের দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে কর্মরত ছিলেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া ওই মিডওয়াইফ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। তিনি রবিবার (৩১ মে) দুপুরে মুমূর্ষু অবস্থায় শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে ভর্তি হন। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, ওই তরুণী হামের তীব্র উপসর্গ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার (১ জুন) সকালে তিনি মারা যান।
/এএ