কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মুহাম্মদ আবির নামে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে তার মরদেহ নাজিরার টেক এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত আবির পুরান ঢাকার শহীদনগর, লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। তারা ঢাকা থেকে ৯ বন্ধু মিলে রোববার (৩১ মে) কক্সবাজারে ভ্রমণে গিয়েছিলেন। এর পর গতকাল বেলা ১২ টা নাগাদ কক্সবাজার সমুদ্র সৈকতের জল তরঙ্গ রিসোর্ট এলাকায় গোসলে নেমে ভেসে যায় এ পর্যটক।
বিষয়টি নিশ্চিত করে সি সেফ লাইফ গার্ডের সদস্য জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী জল তরঙ্গ রিসোর্ট এলাকায় আবির ও ফাহিম নামে দুই পর্যটক গোসলে নামেন। এ সময় আবির একটি টিউব নিয়ে ভাসছিলেন। এক পর্যায়ে বড় একটি ঢেউ এলে দুজনই বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় আবির পানিতে পড়ে গেলে স্রোতের টানে হারিয়ে যায়। লাইফ গার্ড সদস্যদের খবর দেওয়া হলে তৎক্ষনাৎ ফাহিমকে উদ্ধার করতে পারলেও আবির নিখোঁজ ছিলেন।
সি সেফ লাইফ গার্ডের সদস্য ও পরিবারের সদস্যদের খোঁজাখুজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা আজ ভোর বেলা সাড়ে পাঁচটার দিকে শহরের নাজিরার টেক এলাকায় সৈকতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী জানান, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/এএন