আইনশৃঙ্খলার অবনতির পেছনে সরকারি দলের লোকেরাই জড়িত: ডা. তাহের
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৫:০৭ পিএম
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সরকারি দলের লোকরাই জড়িত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, অপরাধের সাথে সরকারি দলের লোকজন জড়িত থাকার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কঠোর আচরণ করা দরকার তারা তা করতে পারছে না।
রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মানুষের ভেতর হতাশা কাজ করছে উল্লেখ করে তাহের বলেন, মানুষ যে আশায় বিএনপিকে ভোট দিয়েছিলো তারা সংবিধান সংস্কার কমিশন করবে, পার্লামেন্টের সিস্টেম উন্নতি করবে, সকলে মিলে একটা উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলবে এবং সন্ত্রাস ও অন্যান্য দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এই কাজ বিএনপির কাছ থেকে আমরা দেখি নাই। আগামী ৭ জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে আমরা আরও সক্রিয় ভূমিকা পালন করবো।
তিনি আরও বলেন, আমরা বিএনপিকে এত তাড়াতাড়ি ব্যর্থ সরকার বলতে চাই না। যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে বিএনপির ব্যর্থতার বিষয়টি মানুষের কাছে আরও পরিষ্কার হবে। তখন আমরা ব্যর্থ সরকার না বললেও মানুষ তাদের ব্যর্থ সরকার হিসেবে ট্রিট করবে। যেটা দেশের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে।
/এসআর