দেশজুড়ে পালিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৫:০৯ পিএম
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। শনিবার (৩০ মে) রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এর পাশাপাশি আলোচনা সভা, দোয়া মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
সকালে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে নতুন করে সুসংগঠিত করার কাজ করে যাচ্ছেন। পরে শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশকে স্বনির্ভর করতে নানামুখী ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন।
খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলনের পর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগরী ছাড়াও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও দলটির পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
জেলায় ও মহানগর বিএনপি আলাদা আলাদা আলোচনা সভার আয়োজন করে। সভায় নেতাকর্মীরা শহীদ জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে গেছেন। বক্তারা জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলসহ দলের স্থানীয় শীর্ষ নেতারা। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সাতক্ষীরার কালিগঞ্জে শাহাদাতবার্ষিকী উপলক্ষে একটি ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকা ও সাতক্ষীরার বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনভর স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন। প্রত্যন্ত অঞ্চলের রোগীরা বিনামূল্যে এই উন্নত চিকিৎসা সেবা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জে জেলা যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রুবেল হোসেনের উদ্যোগে এক ব্যতিক্রমী ও বিশাল আয়োজন করা হয়। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ নগরীর শিবু মার্কেট এলাকায় অসহায় ও গরিব মানুষের মাঝে বিতরণের জন্য সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবস্থাপনায় একশ ডেগ খিচুড়ি রান্না করা হয়, যা জেলায় এই বছরের সবচেয়ে বড় আয়োজন। এছাড়া দিনব্যাপী কোরআন খানি, মিলাদ মাহফিল এবং জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
/এএ