×
Logo

সারাদেশ

কুমিল্লায় ডাকাতিয়া নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:০৩ পিএম

কুমিল্লায় ডাকাতিয়া নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর কলেজছাত্র শিহাবের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে চাঁদপুর থেকে আসা ডুবুরি দল এবং চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত শিহাব চট্টগ্রামের বি.এন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। সে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহির আহমেদ শিপনের ছেলে। পরিবারসহ চট্টগ্রাম থেকে গ্রামে ঈদ উদযাপন করতে এসেছিল সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ মে) দুপুরে শিহাব তার বন্ধুদের সাথে তালের আঁটি খাওয়া শেষ করে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়। জাকজুর এলাকা থেকে নারান্দিয়া জামে মসজিদে দ্রুত পৌঁছানোর জন্য সে দুই বন্ধুর সাথে সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হওয়ার চেষ্টা করে। এ সময় অপর দুই বন্ধু সফলভাবে নদী পার হতে পারলেও শিহাব মাঝনদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এবং চাঁদপুর থেকে আসা পাঁচ সদস্যের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ব্যাপী তল্লাশির পর আজ সকালে তারা শিহাবের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন।

/এএ 

Logo