ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:৪০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রায়হান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে এবং উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামের সজীব মিয়া নামের এক ব্যক্তি স্থানীয় এক যুবককে মাদক কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু পরবর্তীতে ওই যুবক মাদক না কিনে টাকাটি নিজের কাছে রেখে দেওয়ায় সজীবের সাথে তার তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাতে গ্রামটিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে দা, বল্লম ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে রায়হান নামের এক কিশোর গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সরাইল থানা পুলিশ।
/এএ