বিএনপি সব সময় জনগণের পাশে থাকে: সমাজকল্যাণমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট, হিলি
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৯:২৩ পিএম
বিএনপি সব সময় জনগণের পাশে থাকে বলে মন্তব্য করেছেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার (২৯ মে) বিকেলে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ উল আযহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের পূর্বে আপনাদেরকে কথা দিয়েছিলাম, যদি আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন তাহলে আমরা আপনাদের প্রয়োজনে সব সময় আমাদের পাশে পাবেন। আমরা সেই কথাটি রাখার চেষ্টা করছি আপনাদের পাশে থেকে। সেই লক্ষ্যে আমরা কাজও করে যাচ্ছি।
সমাজ পুনর্গঠনে সাংবাদিকদের প্রতি লেখনী, ছবি ও নিউজ এর মাধ্যমে জনমত তৈরিতে সরকারকে সাহায্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সর্বোপরি দেশ উপকৃত হবে।
এছাড়া, আগামীকাল শনিবার (৩০ মে) জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন ডা. এজেডএম জাহিদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তানজিনা খাতুন-এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।
/এনএ