ঝিনাইদহে হর্ন বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি, একজনের মৃত্যু
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১২:৪৮ পিএম
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে দু’পক্ষের মারামারিতে দেলোয়ার হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।
দেলোয়ার হোসেন হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সাথে হরিশপুর গ্রামের শুভ হোসেনের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৮ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ও আবু তালেবকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।
এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি (ভারপ্রাপ্ত) অসিত কুমার বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দেলোয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে আজ ভোরে মারা গেছেন। এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।
/এসআর