অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
স্টাফ করেসপনডেন্ট, হিলি
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১২:২৭ পিএম
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি যুবক বিষ্ণু কুমার সরকারকে (৩২) একদিন পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে নয়টার দিকে হিলি রেল স্টেশনের দক্ষিণপাশে সীমান্তের জিরোপয়েন্টে বিজিবি বিএসএফ বৈঠকের পর তাকে ফেরত দেওয়া হয়। পরে বিজিবি সদস্যরা তাকে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিষ্ণু কুমার সরকার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দুর্গাপুর গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বিষ্ণু কুমার সরকার আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গত বুধবার সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে বুধবার রাতে বৈঠকের মাধ্যমে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করলে বিজিবি বিষ্ণুকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
/এসআর