ঈদে বাড়ি ফেরার বদলে ‘না ফেরার দেশে’ স্বামী, স্ত্রী ও সন্তান
পিরোজপুর করেসপনডেন্ট
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৭:৫২ পিএম
পবিত্র ঈদুল আজহায় ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের তিনজন মর্মান্তিক মৃত্যু বরণ করেছেন। ঈদের দিনে প্রিয়জনদের কাছে বাড়ি ফেরার বদলে স্বামী, স্ত্রী ও তাদের ছয় বছর বয়সী একমাত্র পুত্র সন্তানের ঠাই হলো না ফেরার দেশে।
বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন এবং এই দম্পতির ৬ বছর বয়সী পুত্র সন্তান আরমান। সোহাগ ওই ইউনিয়নের আবু হানিফের ছেলে এবং খাদিজা আব্দুল খালেকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সাথে মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের চোটে যাত্রীবাহী বাসটি মহাসড়কের ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজে পাঠায়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পুত্র সন্তানের মৃত্যুর বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।
কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানাত ডালিম শোক প্রকাশ করে জানান, নিহতদের বাড়ি তার নিজের বাড়ির খুবই কাছে। ঈদের দিনে একটি পবিবারের এভাবে তিন-তিনজন সদস্যের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, স্থানীয় বাসিন্দারা স্তব্ধ হয়ে পড়েছেন। নিহতদের মরদেহ কখন বাড়িতে এনে পৌঁছানো হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
/এএ