নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
নড়াইল করেসপনডেন্ট
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৫:৫৫ পিএম
নড়াইলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির গাজী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শওকত হোসেন (১৯) নামে আরও এক যুবক।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের আলা মুন্সির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির গাজী (১৮) যশোর জেলার অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত শওকত হোসেন একই গ্রামের রিপন গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, ঈদের দিন সাব্বির ও শওকত মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা মধুমতী সেতু দেখতে আসেন। সেতু এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে আলা মুন্সির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক সাব্বির ও আরোহী শওকত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শওকতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
/এসআর