ফরিদপুরের ভাইরাল শিল্পী লাইলী বেগমের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন
ফরিদপুর করেসপনডেন্ট
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:২৮ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া লোকসংগীত শিল্পী লাইলী বেগমের পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তার দীর্ঘদিনের ব্যবহার অনুপযোগী বসতবাড়ি পুন:নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
বুধবার (২৭ মে) দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে লাইলী বেগমের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, লাইলী বেগম আমাদের জেলার গর্ব। তার কণ্ঠে গ্রামীণ সংস্কৃতির যে আবেগ ও ঐতিহ্য ফুটে উঠেছে, তা ইতোমধ্যে মানুষের হৃদয় ছুঁয়েছে। একজন শিল্পীর জীবনমান উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, লাইলী বেগমের বসতবাড়িটি অত্যন্ত জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি পুন:নির্মাণে সহযোগিতা করা হবে।
এসময় জেলা প্রশাসক জানান, লাইলী বেগমের বিষয়টি সরকারের সংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দুষ্টিগোচর হয়েছে। ঈদের পরে যে কোন সময়ে তার জন্য সরকারি ভাবে সহযোগিতা করা হবে।
তিনি বলেন, আমি কখনও ভাবিনি আমার গান এত মানুষের ভালোবাসা পাবে। জেলা প্রশাসন আমার পাশে দাঁড়ানোয় আমি অনেক খুশি।
/এএ