×
Logo

সারাদেশ

সীমান্তে ২০ লাখ ভারতীয় রুপিসহ নারী হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

সীমান্তে ২০ লাখ ভারতীয় রুপিসহ নারী হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চলের বড়জ্বালা সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ ভারতীয় মুদ্রা (রুপি)সহ ফিমা আক্তার (৩০) নামে এক নারী হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে সুলতানপুর ৬০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৪ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গ্রেফতারকৃত ফিমা আক্তার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দিঘিরপাড় এলাকার পিপুলিয়া গ্রামের বাসিন্দা খোকন মিয়ার স্ত্রী। উদ্ধারকৃত ২০ লাখ ভারতীয় রুপির বর্তমান বাংলাদেশি বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৮০ হাজার টাকা। 

সীমান্তবর্তী সূত্র থেকে জানা যায়, শনিবার (২৩ মে) রাতে সুলতানপুর ৬০ বিজিবির অধীনস্থ বড়জ্বালা বিওপির একটি চৌকস টহল দল বামইল দিঘীরপাড় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালান বিজিবি জওয়ানরা। তল্লাশিকালে ইজিবাইকে থাকা যাত্রী ফিমা আক্তারের সাথে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ এই ভারতীয় রুপি উদ্ধার করা হয় এবং অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে তাকে গ্রেফতার  করা হয়।

সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মুদ্রা পাচার ও চোরাচালান আইনে মামলা দায়েরের পর তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

/এএ

Logo