×
Logo

সারাদেশ

নাটোরে ট্রাক চাপায় ভাঙারি ব্যবসায়ী নিহত, আহত ১

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৩:৪২ পিএম

নাটোরে ট্রাক চাপায় ভাঙারি ব্যবসায়ী নিহত, আহত ১

নাটোরের নলডাঙ্গায় একটি দ্রুতগতির ট্রাকের চাপায় খেজমত আলী (৫৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনায় রফিকুল ইসলাম (৫০) নামে অপর এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছো। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের আচঁড়াখালি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত খেজমত আলী উপজেলার আচঁড়াখালি এলাকার মৃত মাজেম আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খেজমত আলী ও রফিকুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে ভাঙারি মালামাল কিনে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে আচঁড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের ভ্যানটিকে সজোরে চাপা দেয়। ট্রাকের ধাক্কায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক ও ব্যবসায়ী খেজমত আলী প্রাণ হারান। এ সময় ভ্যানে থাকা অপর ব্যবসায়ী রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে দ্রুত নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত খেজমত আলীর মরদেহ উদ্ধার করে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটকে রাখলেও এর চালক ও সহকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাকটি জব্দ করে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

/এএ

Logo