ঈদে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
হিলি করেসপনডেন্ট
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:০৯ পিএম
ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এ কয়দিন বন্দরের আমদানি-রফতানিসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। বন্দরে কার্যক্রম শুরু হবে আগামী ১ জুন।
তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওত হোসেন শিল্পী জানান, ঈদের ৭ দিন ছুটি শেষে আগামী ১ জুন রোববার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।
বন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সহ বন্দরের ব্যবসায়ী সংগঠনগুলো যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে হিলি কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ছুটি ছাড়া কাস্টমস অফিস খোলা থাকবে। এ সময় ব্যবসায়ীরা পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও ছাড় করতে পারবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ওসি আরিফুল ইসলাম জানান, ঈদে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ঈদের দিনও পাসপোর্ট যাত্রীরা দু-দেশের মধ্যে যাতায়াত করতে পারবে।
/এমএইচআর